ফরিদপুরে তিন নারী চেয়ারম্যান প্রার্থী
২৮ মে পঞ্চম পর্বে ফরিদপুরের তিনটি উপজেলার ২১টি ইউনিয়নের নির্বাচন (ইউপি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ২১টির মধ্যে তিনটি ইউনিয়নে তিনজন নারী চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুজন ভাঙ্গা ও একজন সালথা উপজেলায়।
ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান বেগম পারুলী আক্তারী (আনারস)।
ওই ইউনিয়নে একসময় চেয়ারম্যান ছিলেন তাঁর স্বামী সাহেব মিয়া। ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর সাহেব মিয়া সন্ত্রাসীদের হাতে নিহত হন। ওই বছরই উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১১ সালের নির্বাচনে তিনি ১২ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী পাঁচজন।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদী পারুলী আক্তারী। তিনি বলেন, ‘আমি মনে করি, আমার কাজের মূল্যায়ন করে ভোটাররা আমাকে ভোট দেবেন।’
দলের প্রভাবের কারণে নির্বাচন নিয়ে সমস্যা হতে পারে বলে সংশয় প্রকাশ করেন পারুলী আক্তারী। তাঁর দাবি, ‘আমি চাই নিরপেক্ষ নির্বাচন হোক।’
সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে মমতাজ পারভীন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপিসহ মোট প্রার্থী ছয়জন। মমতাজ সালথা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের স্ত্রী।
মমতাজ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জিতব। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে, নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আমি সন্দিহান।’
ভাঙা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান ইউপি চেয়ারম্যান শাহজাহান খান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। একই সঙ্গে টেবিলফ্যান প্রতীক নিয়ে ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর স্ত্রী রত্না বেগম।
শাহজাহান খান বলেন, যদি দুই ভাই, বাপ-বেটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হতে পারেন, তাহলে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বী হতে বাধা কোথায়?
তিনি বলেন, মানুষ শুধু ‘আনারস’, ‘আনারস’ করে। আমার স্ত্রীর আনারস প্রতীকের প্রতি ঝোঁক ছিল। এ জন্য সে নির্বাচনে দাঁড়িয়েছে। যদিও সে আনারস পায়নি, অন্যজন পেয়েছে, এখন তো আর প্রত্যাহারেরও সুযোগ নেই।
তবে রত্না বেগম বলেন, তিনি বিজয়ের জন্যই নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি মনে করেন, তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে স্বামী শাহজাহান খান ও অপর স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকীর সঙ্গে (ঘোড়া)। নিজের জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করার পরও রত্না বেগম বলেন, ‘নির্বাচনে আমি যদি না জিতি, তাহলে আমার স্বামী যেন বিজয়ী হয়।’