ফরিদপুরে তিন হাজার পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর পানি বাড়ায় ফরিদপুর সদরের চারটি ইউনিয়নের দুই হাজার ৮০০ পরিবার তিন দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। তলিয়ে গেছে ৫০ একর ফসলি জমি। এ ছাড়া চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ছয়টি ইউনিয়নে এক সপ্তাহ ধরে নদীভাঙন অব্যাহত রয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান সরকার জানান, রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়েছে। ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, পানির তোড়ে পুরোনো মোহন মিয়ার হাট এলাকায় সড়কের একটি কালভার্ট ধসে গেছে। নদীর পানি বাড়ায় এলাকার প্রায় ৫০ একর জমির মুগ, কালাই ও মাষকালাই তলিয়ে গেছে। ইউনিয়নের ৬০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সদরের ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল জানান, ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরমাধবদিয়া ইউপির চেয়ারম্যান তুহিনুর রহমান জানান, তাঁর ইউনিয়নের ২০টি গ্রামের দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী, সাদীপুর, ভাজনডাঙ্গা ও পূর্ব আলিয়াবাদ গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যান ওমর ফারুক জানান, তাঁর ইউনিয়নের ওপর দিয়ে যাওয়া তিনটি আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে। সাদীপুর প্রাথমিক বিদ্যালয় ও গদাধরডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে। চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন ও চরহরিরামপুর ইউনিয়নে পদ্মার ভাঙন শুরু হয়েছে। হরিরামপুর ইউপির চেয়ারম্যান ওবায়দুল বারী বলেন, শালিপুর মৌজার ৫০ একর জমি ও ২০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। চরভদ্রাসন সদর ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ভাঙনে এমপিডাঙ্গী গ্রামে ৯০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, নদীতে পানি বাড়ায় উপজেলার চরনাসিরপুর, ঢেউখালী, দিয়ারা নারকেলবাড়িয়া ও চরমানাই ইউনিয়নে পদ্মা এবং আড়িয়াল খাঁ নদের ভাঙন দেখা দিয়েছে। দিয়ারা নারকেলবাড়িয়া ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, নদীভাঙনে ২৫০টি পরিবার বসতভিটা হারিয়েছে। চরমানাই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গত এক সপ্তাহে আড়িয়াল খাঁ নদের ভাঙনে পাঁচটি গ্রামের ২৫০টি বসতবাড়ি ও ৪০ একর জমি নদীতে বিলীন হয়েছে। ঢেউখালী ইউপি চেয়ারম্যান কোহিনূর বেগম জানান, ইউনিয়নের চরবালাশিয়া ও চন্দ্রপাড়া এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। যথাসময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।’