ফরিদপুরে তিনটি গ্রামের মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার মানুষ দুই সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে আছে। বৃষ্টি, বন্যা এবং পৌরসভার নালার পানি উপচে ওই তিনটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ফরিদপুর পৌরসভা এলাকার লাগোয়া ডিক্রির চর ইউনিয়নের টেপাখোলা লেকপাড়ের ফরিদাবাদ, ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গি এবং গোলাপী মাতুব্বরের ডাঙ্গি গ্রামের প্রতিটি বাড়ির উঠানে হাঁটুপানি। কোনো কোনো বাড়ির ঘরেও পানি ঢুকে পড়েছে। মানবেতর দিন কাটাচ্ছে ওই সব এলাকার লোকজন। কোনো কোনো বাড়িতে ঢোকার জন্য তৈরি করা হয়েছে সাঁকো।ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গি গ্রামের কাজেম আলী (৮৫) বলেন, ‘১৫ দিন ধইরা আমরা এই অবস্থায় আছি। ঘরের সামনে হাঁটুপানি। খুব কষ্টে আছি।’ফরিদাবাদের ভারতী রাণী বিশ্বাস (৪২) বলেন, ‘ঘরের চার পাশ দিয়া শুধু পানি। পোলাপান নিয়ে খুব বিপদের মধ্যে আছি। এ পানি কবে যাবে জানি না।’পানি উঠেছে ওই এলাকার চর টেপাখোলা উচ্চবিদ্যালয়, চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাঙ্গিডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী বলেন, ‘৪৩১ জন শিক্ষার্থীদের নিয়ে বিপদে পড়েছি। ক্লাস নিতে হচ্ছে গাছতলায়।’ডিক্রির চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল জানান, ওই তিনটি গ্রামের লোকদের দুর্দশা না দেখলে বিশ্বাস করা যায় না। তবে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী বলেন, ‘ওই তিনটি গ্রামের কাছাকাছি পৌরসভার কোনো নালা নেই।’ ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, ‘আমি গ্রামবাসীর দুরবস্থা নিজে দেখেছি। পানি অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলেছি।’পানি উন্নয়ন বোর্ড, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান সরকার বলেন, নদীর পানি না কমা পর্যন্ত এ জলাবদ্ধতার কোনো সমাধান হবে না।