ফরিদপুরে তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত শনিবার রাতে ফরিদপুর শহরতলির ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গি এলাকার মৃত মাছুম ব্যাপারীর বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, নদীর পাড়ের কাছ থেকে বালু ব্যবসায়ীরা খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালু কাটায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ ধসে পড়ছে।

গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তখনো ধসে পড়ার ঘটনা অব্যাহত রয়েছে। বাঁধের প্রায় ৪০ মিটার অংশের বোল্ডারগুলো সব নদীতে বিলীন হয়ে গেছে। বোল্ডারের পর এখন পাড়ের মাটি চাক হয়ে ভেঙে পড়ছে।

মাছুম ব্যাপারীর পুত্রবধূ নীপা বেগম বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে ঝুপঝাঁপ শব্দ করে বোল্ডারগুলো খসে পড়তে শুরু করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই কয়েক শ মানুষ নদীর পাড়ে ভিড় জমান। তাঁরা দ্রুত এ বাঁধ মেরামত করার দাবি জানান।

একই এলাকার বাসিন্দা জেলে শেখ আনোয়ার বলেন, ধসে পড়া জায়গায় নদীর গভীরতা ৩০ থেকে ৪০ ফুটের কাছাকাছি। পানিতে তীব্র স্রোত থাকায় প্রতি মুহূর্তে ভাঙন বেড়ে যাচ্ছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০০৩-০৪ অর্থবছরে এ নদীর তীর সংরক্ষণ কাজ শুরু করে পাউবো। ১২১ কোটি টাকা ব্যয়ে ২০০৬-০৭ অর্থবছরে ১১ কিলোমিটার দৈর্ঘ্যের এ বাঁধের নির্মাণকাজ শেষ হয়।

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদিকুজ্জামান বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে ফরিদপুর শহর নদীভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য পদ্মা নদীর এ তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু একশ্রেণির মুনাফালোভী বালু ব্যবসায়ী প্রশাসনের উদাসীনতার সুযোগে প্রতিনিয়ত পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু কেটে যাচ্ছেন। এর ফলে তীর সংরক্ষণ বাঁধে ধসের ঘটনা ঘটল।

ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ গতকাল বেলা ১১টার দিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, বাঁধের প্রায় ৪০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু কাটায় বড় গর্ত সৃষ্টি হওয়া ও স্রোতের কারণে বাঁধ ধসের এ ঘটনা ঘটে থাকতে পারে।