ফরিদপুরে তোরণ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণে আওয়ামী লীগ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড় এলাকায়। বেগম খালেদা জিয়ার বরিশাল বিভাগীয় শহরের ১৮ দলের এক সমাবেশে যোগ দেবেন কাল সোমবার। আজ রোববার বিকেলে তাঁর সড়ক পথে ঢাকা থেকে ফরিদপুর হয়ে তালমার মোড় অতিক্রম করে বরিশাল যাওয়ার কথা।নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপি তালমার মোড় এলাকায় একটি তোরণ নির্মাণের উদ্যোগ নেয়। গতকাল শনিবার সকাল থেকে এই নির্মাণকাজ শুরু হয়। কিন্তু তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের একদল কর্মী সকাল ১০টার দিকে তোরণ নির্মাণে বাধা দেন এবং তোরণ নির্মাণের জন্য পোঁতা বাঁশগুলো তুলে ফেলেন। তবে অভিযোগ অস্বীকার করে তৈয়বুর রহমান বলেন, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ও ভাই কে এম জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। তাঁদের কোন্দলের কারণে তোরণটি নির্মাণ করা যায়নি বলে দাবি করেন তিনি।নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তোরণ নির্মাণ হয়নি, দাবি করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম প্রথম আলোকে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বিকেলে তালমার মোড়ে এক সমাবেশের আয়োজন করেছে।