ফরিদপুরে দম্পতি হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার
ফরিদপুরে গত শুক্রবার দিবাগত রাতে এক বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
ওই দম্পতির ছেলে কামরুল আহসান শনিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ শনিবার দিবাগত রাতে এজাহারভুক্ত আসামি পিনিজরা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে। পিনিজরা বেগম আগে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে কাজ করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পিনিজরাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার সকালে ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গি গ্রামের মালত বাড়িতে বিআইডব্লিউটিসির অবসরপ্রাপ্ত কর্মচারী শামসুল হক মালত (৭৫) ও তাঁর স্ত্রী নার্গিস নাহারের (৬০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।