ফরিদপুরে দরপত্র জমায় আ.লীগ নেতাদের বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় একটি ঘাটের দরপত্র দাখিলে আওয়ামী লীগের স্থানীয় নেতারা বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।উপজেলা পরিষদের কার্যালয় সূত্রে জানা গেছে, ‘ধলারমোড় ইঞ্জিনচালিত নৌ-ঘাট’ এর ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বেলা একটা পর্যন্ত। চলতি বছর ওই ঘাটের বার্ষিক ইজারা ধরা হয়েছিল এক লাখ ৯০ হাজার ৩০০ টাকা। ওই ঘাটের জন্য দরপত্রের মোট ১৩টি শিডিউল বিক্রি হয়। ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী গ্রামের মো. নজর আলী লিখিত অভিযোগে বলেন, তিনি ওই ঘাটের দরপত্র জমা দেওয়ার জন্য গতকাল ইউএনওর কার্যালয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কার্যালয়ের সামনে রাখা বাক্সে দরপত্র জমা দিতে গেলে অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুসুর রহমান, ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক দুলাল ফকিরসহ আরও কয়েকজন ব্যক্তি তাঁকে বাধা দেন। একপর্যায়ে আওয়ামী লীগের ওই নেতারা তাঁর দরপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় নজর আলী জেলা প্রশাসক ও ফরিদপুর প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগের ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুসুর রহমান সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। দুলাল ফকির বলেন, ইউএনওর কার্যালয়ে দরপত্র ছিঁড়ে ফেলার কোনো ঘটনা ঘটেনি।এ ব্যাপারে ইউএনও কে এম কামরুজ্জামান বলেন, ‘দরপত্র ছিঁড়ে ফেলার কোনো খবর আমার জানা নেই, তবে ধস্তাধস্তি হয়েছে বলে শুনেছি।’