ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছয় কোটি ১২ লাখ টাকার দুটি সেতু নির্মাণ প্রকল্পের দরপত্রে অনিয়মের অভিযোগ এনেছে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে ঠিকাদারেরা অভিযোগ করেন, জেলা শহরের উপকণ্ঠে দুটি সেতু নির্মাণ প্রকল্পের মধ্যে একটি দুই কোটি ৪৩ লাখ ও অন্যটি তিন কোটি ৬৯ লাখ টাকার দরপত্র বিক্রির শেষ দিন ছিল গত ৩০ অক্টোবর। নির্ধারিত দিনে দরপত্র কিনতে গিয়েও ওই ঠিকাদারেরা সন্ত্রাসীদের বাধার সম্মুখীন হন। ভয়ভীতি দেখিয়ে তাঁদের কার্যালয় থেকে বের করে দেওয়া হয় এবং অনিয়মের মাধ্যমে এক আওয়ামী লীগ নেতার পক্ষের ঠিকাদারকে দরপত্রের কার্যাদেশ দেওয়া হয়। তাঁরা ওই দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানান।
‘সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে কাজ হয়েছে’ দাবি করে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল্লা-আদ্-দাদ বলেন, ‘সংবাদ সম্মেলনে করা অভিযোগ সত্য নয়। ওই কাজের জন্য ১৫টি দরপত্র বিক্রি হয়েছে। সময়মতো দরপত্র কিনতে আসা কেউই বাধার সমঞ্চুখীন হননি। ওই ঠিকাদারেরা আমাদের কাছেও কোনো অভিযোগ করেননি।’