ফরিদপুরে দুই গ্রামে পৃথক সংঘর্ষে আহত অর্ধশত
ফরিদপুরের সালথায় গতকাল মঙ্গলবার দুটি গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি ঘটনায় পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও ৩০টি গুলি নিক্ষেপ করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মেম্বর গট্টি গ্রামে গতকাল সকালে মোনায়েম কাজীর একজন সমর্থকের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ রহমান মাতুব্বরের একজন সমর্থকের কথা-কাটাকাটি হয়। সেখান থেকে দুজনের হাতাহাতি হয়। এ ঘটনা নিয়ে গ্রামের দুই পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় একটি বাড়িতে হামলা ও লুটপাট করা হয়। এদিকে দুপুরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে পাশের বালিয়া গট্টি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গ্রামের হিরু মোল্লা ও বাদশা মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ৩৫ জন আহত হয়।সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি নিক্ষেপ করেছে। সালথা থানার পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। আহত ব্যক্তিদের মধ্যে লতিফ মীর (১০) ও আবুল মাতুব্বরের (৩০) অবস্থা গুরুতর। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ব্যক্তিদের ফরিদপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফছারউদ্দিন আহমেদ বলেন, সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও ৩০টি গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।