ফরিদপুরে দুই পক্ষে সংঘর্ষ, শতাধিক বাড়িঘর ভাঙচুর
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রোববার দুই পক্ষের মধ্যে ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং ১০ জন আহত হয়েছেন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডীবিলা, গোহাইলবাড়ী ও রাখালগাছী এবং পাশের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সভাপতি গোহাইলবাড়ী গ্রামের আলাউদ্দীন আহমেদের সমর্থকদের সঙ্গে সাবেক সেনাসদস্য চণ্ডীবিলা গ্রামের রফিক কাজির সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। গতকাল ভোরে আলাউদ্দীনের সমর্থকেরা চণ্ডীবিলা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করে। এরপর চণ্ডীবিলার লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালিয়ে গোহাইল গ্রামে ভাঙচুর চালায়। পরে দুই পক্ষের সহস্রাধিক ব্যক্তি ঢাল, সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ আশপাশের চারটি গ্রামে ছড়িয়ে পড়ে। এর ফলে উভয় পক্ষের শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।