ফরিদপুরে দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মালিগ্রাম বাজারসহ তিনটি ইউনিয়নের সাতটি গ্রাম ভাঙ্গা পৌরসভার অন্তর্ভুক্ত করার পক্ষে ও বিপক্ষে দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একই সময়ে একই জায়গায় পরস্পরবিরোধী দুটি মানববন্ধন পালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে পৌরসভার অন্তর্ভুক্ত করার পক্ষের প্রায় ছয় শতাধিক মানুষ বাস ও মাইক্রোবাসসহ ১৬টি যানবাহনে এবং পৌরসভার বিরোধীরা চারটি বাসে করে দুই শতাধিক ব্যক্তি জেলা সদরে এসে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পৌরসভার অন্তর্ভুক্তির বিরোধিতাকারী মালিগ্রামের ব্যবসায়ী আবদুর রব মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘আমরা সাতটি গ্রামের কোনো লোক পৌরসভা চাই না। ভাঙ্গা পৌরসভায় অন্তর্ভুক্ত করে আমাদের রক্ত চুষে খেতে চায়।’ মালিগ্রাম বাজারের বই বিক্রেতা মো. আকতারুজ্জামান বলেন, ‘আমরা পৌরসভায় যাব না। যারা আজ পক্ষে এসে দাঁড়িয়েছে, তারা সবাই পৌরসভার লোক। কিন্তু আমাদের গ্রামগুলোর নামে ব্যানার বানিয়ে ফরিদপুর এসেছে। নিজেকে বামনকান্দা গ্রামের বাসিন্দা দাবি করে পৌরসভা করার পক্ষে যুক্তি তুলে ধরে ভাঙ্গা পৌর এলাকার ভ্যানগাড়ির কারিগর আবুল কালাম বলেন, ‘আমাদের গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হলে এলাকার উন্নতি হবে, মালিগ্রাম বাজারের উন্নয়ন হবে।’ মানববন্ধন চলাকালে উভয়পক্ষের নেতারা ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরুণ চন্দ্র মহোত্তমের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবি তুলে ধরেন। অরুণ চন্দ্র মহোত্তম প্রথম আলোকে বলেন, ‘আমি দুই পক্ষেরই বক্তব্য শুনেছি। সরেজমিনে এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমপ্রতি ভাঙ্গা পৌরসভাকে সমপ্রসারণ করতে চান্দ্রার মালিগ্রাম, গোয়ালদি, ঘাড়ুয়ার সাউতিকান্দা, ঝালুখালী, বামনকান্দা, আতাদি ও হাসামদিয়া মৌজা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। গত ১৬ ফেব্রুয়ারি ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রস্তাবিত ওই এলাকায় গণবিজ্ঞপ্তি জারি করেন। এর ফলে গত ২২ ফেব্রুয়ারি মালিগ্রাম বাজার এলাকার লোকজন বাজারকে ইউনিয়ন পরিষদে রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কিন্তু ওই দিন যুবলীগ-ছাত্রলীগ পাল্টা কর্মসূচি ডাকায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। শতাধিক বছরের পুরোনো মালিগ্রাম বাজারটি ঘাড়ুয়া ও চান্দ্রা ইউনিয়নজুড়ে অবস্থিত। গত ২৫ বছর ধরে প্রতি শনিবার গরুর হাটসহ সপ্তাহে দুই দিন এ বাজারে হাট বসে। হাটটি এ এলাকার একটি প্রধান অর্থকরী প্রতিষ্ঠান। ১৪১৭ সালে এ হাটের বার্ষিক ডাক উঠেছিল এক কোটি সাত লাখ টাকা। চলতি বছর উঠেছে ৭২ লাখ টাকা।