ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত ১
ফরিদপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইলিয়াস মহাজন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মনসুরাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুটি পৃথক মামলা দায়ের করেছেন। পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ইউপি সদস্য (৪ নম্বর ওয়ার্ড) বাবর আলী বলেন, বুধবার বিকেলে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন করার কথা ছিল। সভাপতি পদপ্রত্যাশী ছিলেন গতবারের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান এবং ওই বিদ্যালয়ের দাতাসদস্য মো. ওহিদুজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে বিদ্যালয়সংলগ্ন খাপুরা ও মাঝিকান্দি এলাকার বাসিন্দারা নির্বাচন না করে ওহিদুজ্জামানকে সভাপতি মনোনীত করার দাবি জানান। ফায়েজের সমর্থকেরা এ দাবির প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা বিদ্যালয়ে ভাঙচুর শুরু করে। পুলিশ এতে বাধা দেওয়ার চেষ্টা করলে জনতা পুলিশকে ধাওয়া দেয়। পুলিশ সদস্যরা দৌড়ে বিদ্যালয়ের মাঠ অতিক্রম করে মহাসড়কে আশ্রয় নেন। বিক্ষুব্ধ জনতা সেদিকে অগ্রসর হলে পুলিশ ৩৩টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গুলিতে খাপুরা গ্রামের মো. ওয়াজেদ মহাজনের ছেলে ইলিয়াস মহাজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া মাঝিকান্দা গ্রামের শামীম সিকদার এবং একই গ্রামের সবুজ মিয়া আহত হন।
সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল আলম (৩২) ও চারজন কনস্টেবল আহত হন। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী আসাদুজ্জামান কবির জানান, বেলা তিনটায় নির্বাচনী প্রক্রিয়া শুরুর কথা ছিল। এ জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বিদ্যালয়ে যান। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ৩৩টি শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হন। এ ঘটনায় নিহত ইলিয়াসের স্ত্রী রেশমা বেগম ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই)মো. মিরাজ হোসেন বাদী হয়ে দুটি পৃথক মামলা করেছেন।