ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামে আজ শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সময় পাঁচটি বাড়ি ও দুটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সকাল সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষ বাধে। দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তাকে কেন্দ্র করে ধর্মদী গ্রামের কুদ্দুস সরদার ও জামাল সরদারের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকাল সাতটার দিকে জামাল সরদারের পক্ষের ইদ্রিস মাতুব্বর ও কুদ্দুস সরদার পক্ষের হায়দার মাতুব্বরের মধ্যে জমিজমা নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী মীর জানান, সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া পাঁচটি বাড়ি, দুটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরান আলী বলেন, সংঘর্ষে গুরুতর আহত কামাল সরদার (৫০), সামীম সরদার (২৪), লিটন মোল্লাকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ১০ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।