ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুটি উপজেলার দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশের ১৩ জন সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ২৩৩টি শটগানের গুলি ও ৪২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গতকাল বুধবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ছিল ভাঙ্গার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের হরির হাটবার। ওই হাটে আয়ুর্বেদি ওষুধ বিক্রি করতে আসা বগুড়ার মো. সেলিমউদ্দীন চরযশোহরদী ইউনিয়নের আশফরদী গ্রামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে অসদাচরণ করেন। ঘটনা জানাজানি হলে সেলিমকে গণপিটুনি দেওয়া হয়। বাজারের সভাপতি মোস্তফা মল্লিক জানান, গণপিটুনিতে মৃত্যু হতে পারে—এ আশঙ্কায় সেলিমকে হাটের এটি ঘরে আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়। সেলিমুজ্জামানকে কেন পুলিশে সোপর্দ করা হলো, এ অভিযোগে চরযশোহরদীর মানুষ উত্তেজিত হয়ে পড়ে। হাটে আসফরদী গ্রামের মানুষের নয়টি ও বড়দিয়া গ্রামের এক লোকের দোকান লুট করা হয়। মঙ্গলবারের ঘটনার জের ধরে গতকাল ভোর ছয়টার দিকে চরযশোহরদী ইউনিয়নের হাজার খানেক লোক বাড়দিয়া গ্রাম ও হরির হাটে হামলা চালায়। পরে দুই ইউনিয়নের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, সংঘর্ষ ঠেকাতে তিনি নিজে, এএসআই বাকীর হোসেনসহ পুলিশের আটজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৫২টি গুলি ও ১৫টি কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয়েছে। নগরকান্দা থানার ওসি মো. আবদুল করিম জানান, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৮১টি গুলি ও ২৭টি কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।