দুই বছরের ব্যবধানে ফরিদপুর সদর উপজেলার ১৬৪টি মৌজায় জমির দাম প্রায় ১৮ গুণ বেড়েছে। এতে জমি নিবন্ধনের (রেজিস্ট্রি) খরচ বাড়ায় জমির ক্রেতা, বিক্রেতা ও দলিল লেখকেরা বিপাকে পড়েছেন। এর প্রতিবাদে দলিল লেখকেরা ২ জানুয়ারি থেকে দলিল লেখা বন্ধ করে দিয়েছেন। তবে দলিল লেখক সমিতি দাবি করেছে, তারা কাজ বন্ধ করে দেয়নি, দাম বেশি বলে কেউ জমি নিবন্ধনের জন্য আসছেন না।জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সদর মৌজার মুরালীদহ এলাকার যে জমির প্রতি শতাংশের দাম পাঁচ হাজার ৫০০ টাকা ছিল, ২০১১ সালের ১ জানুয়ারি একই পরিমাণের জমির দাম বাড়িয়ে ৯৮ হাজার ৬৩১ টাকা করা হয়েছে। ওই একই সময়ে ১৬ গুণ বেড়েছে গুহলক্ষ্মীপুর মৌজার জমি। দুই বছরের ব্যবধানে এ মৌজার প্রতি শতাংশ জমির দাম আট হাজার ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৩২ টাকা। ১৪ গুণ দাম বেড়েছে টেপুরাকান্দি মৌজার জমি। তিন হাজার টাকা থেকে শতাংশ করা হয়েছে ৪২ হাজার ৯১৮ টাকা। আবার কোনো কোনো জমির দাম অপরিবর্তিতও রয়েছে।অনুসন্ধানে জানা গেছে, বাড়ি, ভিটা, বাঁশঝাড়, বাগান, নাল (ডোবা ও নিচু জমি), পতিতসহ সব ধরনের জমির দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ক্ষেত্রে নানা অসংগতি রয়েছে। দেখা গেছে, বাড়ি ও ভিটার জমির তুলনায় নাল জমির দাম বেশি ধরা হয়েছে। যেমন, ছনপচা মৌজায় প্রতি শতাংশ বাড়ির জমি দুই হাজার ৭০০ টাকা, সেখানে নালজমি ১৯ হাজার ৫২ টাকা। জয়দেবপুর মৌজায় বাড়ির জমি যেখানে প্রতি শতাংশ চার হাজার ৫০০ টাকা, সেখানে নালজমির শতাংশ ধরা হয়েছে নয় হাজার ১৯৭ টাকা। দাম বাড়ায় সদর উপজেলায় জমি নিবন্ধনের কার্যক্রম কমে গেছে। এ উপজেলায় গত বছর প্রতি মাসে গড়ে এক হাজার ৩০০ দলিল নিবন্ধন করা হয়। এখন দলিল নিবন্ধন হচ্ছে না বললেই চলে।গত মঙ্গলবার অম্বিকাপুর মৌজা থেকে জমি কিনে সদরে নিবন্ধন করতে আসেন মালেক মিয়া। তিনি বলেন, ‘আমি রেজিস্ট্রি করার জন্য যে টাকা নিয়ে এসেছিলাম, দাম বাড়ায় তার থেকে ১০ গুণ টাকা বেশি লাগবে। তাই দলিল না করেই আবার বাড়ি ফিরে যাচ্ছি।’সদরের চরমাধবদিয়া মৌজার রুহুল শেখ এক লাখ ২০ হাজার টাকায় গত ডিসেম্বরে ২৮ শতাংশ জমি কিনেছেন প্রতিবেশী রহিম মোল্যার কাছ থেকে। জমির দলিল করতে এসে তিনি দেখেন সরকারিভাবে তাঁর জমির দাম ধরা হয়েছে দুই লাখ ৪৩ হাজার টাকা। জমির দলিল না করে তিনি ফিরে গেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের পেশকার মো. হারুন অর রশিদ ও মো. সেলিম মিয়া ২০১১ সালের জন্য ফরিদপুর সদরের ১৬টি মৌজার জমির নতুন এ দাম নির্ধারণ করেছেন। অনুমোদন দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ চন্দ্র মহোত্তম, জেলা রেজিস্ট্রার সুভাষ চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবপ্রসাদ পাল ও সদর সাব-রেজিস্ট্রার মুজিবুর রহমান। গত ২৮ ডিসেম্বর নতুন এ দামের তালিকা অনুমোদন করা হয়। ১ জানুয়ারি থেকে এ দাম কার্যকর হওয়ার কথা।জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবদুল ওয়াহাব দাবি করেন, ‘আমরা দলিল লেখার কাজ বন্ধ করে দিইনি। যাঁরা দলিল রেজিস্ট্রি করতে আসেন, তাঁরা নতুন দাম শুনে হোঁচট খেয়ে চলে যাচ্ছেন। আগে যে জমি রেজিস্ট্রি করতে পাঁচ হাজার টাকা লাগত, এখন ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। আমরা কাজ পাচ্ছি না।’ সদর উপজেলার জমির মূল্য নির্ধারণ কমিটির সভাপতি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ চন্দ্র মহোত্তম বলেন, বিগত বছরে একটি মৌজায় বিক্রি করা সর্বোচ্চ ও সর্বনিম্ন দামের গড় করেই নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, কেউ যাতে রাজস্ব ফাঁকি দিতে না পারে, সে জন্য জমির দাম বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে নির্ধারণ করা হয়েছে।