ফরিদপুরে দুই বোন-ভাগনিসহ আটজনের করোনা শনাক্ত
ফরিদপুরে দুই বোন ও ভাগনিসহ আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা যায়। এ নিয়ে ফরিদপুর জেলায় কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা আক্রন্তদের মধ্যে সাতজন নগরকান্দা ও একজন সালথা উপজেরার বাসিন্দা। নগরকান্দার সাতজনের মধ্যে দুজন জন চাকরিসূত্রে নগরকান্দা রয়েছেন। আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। এদের মধ্যে দুই বোন ও তাঁদের ভাগনি রয়েছে। করোনা আক্রান্ত দুই বোনের বয়স যথাক্রমে ৩৮ ও ২০ বছর। আর ভাগনির বয়স ১৪ বছর। তারা নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি এক বোনের বাচ্চা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ওই সময় পরিবারের সদস্যরা হাসপাতালে থাকাসহ কয়েক দফা আসা–যাওয়া করেন। এ কারণে তাঁদের করোনা শনাক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
করোনা অক্রান্ত অন্য একজন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বাসিন্দা। তাঁর বয়স ৫০ বছর। তিনি কিছু দিন আগে ঢাকা গিয়েছিলেন। এ ছাড়া নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী এবং এক স্বাস্থ্যকর্মীর ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা তিনজনই টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাসিন্দা। আর সালথা উপজেলায় আক্রান্ত হয়েছেন (২৩) বছর বয়সী এক তরুণ। তাঁর বাড়ি উপজেলার গট্টি ইউনিয়নে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বোয়ালমারীতে ২১ জন, নগরকান্দায় ১৩, ফরিদপুর সদরে ১০, সদরপুর ও আলফাডাঙ্গায় ৪ জন করে, চরভদ্রাসন ও ভাঙ্গায় ৩ জন করে, মধুখালীতে ২ ও সালথায় ১ জন রয়েছেন।