ফরিদপুরে দুই ব্যক্তিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাত সন্দেহে ব্যবসায়ী কাবুল ইসলাম ওরফে মিরন (২৮) ও ফরহাদ মোল্লাকে (৪০) গণপিটুনি দিয়ে ‘পরিকল্পিতভাবে’ হত্যার ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলার কাদিরদী বাজার এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘সর্বস্তরের জনতার’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী ছাড়াও কয়েক শ গ্রামবাসী অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম, রাফিউল আলম, ইউপি সদস্য শেখ মো. আবদুল মোতালেব প্রমুখ।
বক্তারা বলেন, মিরন ও ফরহাদকে ডাকাত হিসেবে প্রচার চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা কেউ ডাকাত নন। মিলন একজন হার্ডওয়্যার ব্যবসায়ী এবং ফরহাদ লিবিয়া যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন।
৫ জুলাই রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে বোয়ালমারীর উপজেলার গজারকান্দি গ্রামের বাড়ি ফেরার পথে ডাকাত সন্দেহে উপজেলার হাটখোলারচর এলাকায় রাকিবুল ইসলাম ও ফরহাদ মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, এ ব্যাপারে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।