ফরিদপুরে দুই মহাসড়কে ১৩ সরু সেতু, ১২ বাঁক
ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের প্রায় ৮০ কিলোমিটারে ১৩টি সরু সেতু ও ১২টি বিপজ্জনক বাঁকের কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বাশাঁগাড়ি এলাকার তিন কিলোমিটার অংশ মৃত্যুফাঁদ হয়ে উঠেছে।ঢাকা-বরিশাল মহাসড়ক: এই মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার অংশ ফরিদপুর জেলার মধ্যে পড়েছে। ভাঙ্গা উপজেলা হয়ে মহাসড়কটি ফরিদপুরে এসে রাজবাড়ী রাস্তার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে মিশেছে।ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, একটি মহাসড়ক যে মাপের হওয়া উচিত, ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশ তার সঙ্গে একেবারেই বেমানান। সাধারণত একটি মহাসড়কের প্রস্থ ৭ দশমিক ৩ মিটার হওয়ার কথা, সেখানে সড়কটির ফরিদপুর অংশের প্রস্থ সাড়ে পাঁচ মিটার। রাস্তার পাশের মাটি থেকে পাকা অংশের (শোল্ডার) উচ্চতা ছয় ইঞ্চির বেশি থাকার কথা নয়। এ সড়কের কোথাও কোথাও এই উচ্চতা এক থেকে দেড় ফুট।সড়কের এ অংশে পাঁচটি বিপজ্জনক বাঁক রয়েছে। এর মধ্যে জোয়ারের মোড়, তালমার মোড় ও বাশাঁগাড়ির কাছের তিনটি বাঁক খুবই বিপজ্জনক। সড়কের এ অংশে পাঁচটি সরু সেতু রয়েছে, যা মহাসড়কে থাকা উচিত নয়। মৃত্যুফাঁদ বাশাঁগাড়ি: এ সড়কের সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে নগরকান্দা উপজেলার ডাংগি ইউনিয়নের বাশাঁগাড়ি থেকে কাজী কড়িয়াল পর্যন্ত আড়াই কিলোমিটার অংশ। দুই বছর ধরে সড়কের এ অংশ এক থেকে দুই ফুট পর্যন্ত অসংখ্য গর্তে ভরা। গত জুনে ঢাকার প্রোজেক্ট বিল্ডার্স অ্যাসোসিয়েশন (পিবিএ) সড়কের ওই অংশের সংস্কারকাজ শুরু করেছে। ধীরগতিতে কাজ করায় ওই পথটুকু অতিক্রম করতে দুর্ভোগে পড়তে হচ্ছে।সওজের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, তিন কোটি ২৯ লাখ টাকা ব্যয়সাপেক্ষ বাশাঁগাড়ি অংশ সংস্কারের কাজ পেয়েছে পিবিএ। বৃষ্টির কারণে বিটুমিনের কাজে হাত দেওয়া সম্ভব হচ্ছে না। গত ডিসেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। কিন্তু প্রতিষ্ঠানটি আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছে। সেটি বর্তমানে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বিবেচনাধীন।ঢাক-খুলনা মহাসড়কে সাতটি বিপজ্জনক বাঁক: এই মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার অংশ ফরিদপুর জেলার মধ্যে পড়েছে। মধুখালী উপজেলার কামারখালী ঘাট থেকে ফরিদপুর সদরের সাইনবোর্ড পর্যন্ত এ অংশটি বিস্তৃত। মহাসড়কের এই অংশে আটটি সরু সেতু ও সাতটি বিপজ্জনক বাঁক রয়েছে। এর মধ্যে ফরিদপুর সদরে বাহিরদিয়া সেতুর কাছের বাঁক, ধূলদির বাঁক ও মধুখালী এলাকার বালিয়াকান্দি ফিডার সড়ক, মালেকা চক্ষু হাসপাতাল ও আড়কান্দি সেতুর কাছের বাঁকগুলো বেশি বিপজ্জনক।প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, ২০০৪ সালের পর এই দুটি মহাসড়কের ফরিদপুর অংশে কোনো ধরনের সংস্কার হয়নি। তিন মাস আগে সংস্কারের জন্য সাড়ে ১৬ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ওরিয়েন্টাল ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। তবে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি।মহাসড়কের সরু সেতুগুলো অপসারণ করে উপযোগী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আর মহাসড়কে বাঁক সব দেশেই থাকে। কিন্তু সড়কের বাঁকের অংশে কীভাবে গাড়ি চালানো উচিত, সে অভিজ্ঞতা অধিকাংশ চালকের নেই।