ফরিদপুরে দুই সন্তান হত্যায় মায়ের স্বীকারোক্তি
ফরিদপুরের মধুখালীতে ঘুমন্ত অবস্থায় দুই শিশু তকি মোল্লা (৫) ও তাহেরাকে (৬ মাস) হত্যার ঘটনায় তাদের মা তসলিমা বেগম (২৬) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম কাইসুন্নাহারের কাছে তিনি ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন।
আদালতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আইউব হোসেন প্রথম আলোকে বলেন, জবানবন্দি শেষে তসলিমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক মো. গিয়াসউদ্দিন বলেন, জবানবন্দিতে তাসলিমা দুই সন্তান হত্যার দায় স্বীকার করেছেন।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার বাগাট ইউনিয়নের পূর্ব চর বাগাট গ্রামে শ্বশুরবাড়ি থেকে তসলিমাকে গ্রেপ্তার করা হয়। স্বামী আবদুল্লাহ-আল মামুন ও দুই সন্তান নিয়ে তাঁরা ঢাকার মোহাম্মদপুরে বাস করেন। ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে রেখে সম্প্রতি ভারতে যান মামুন। সোমবার ভোররাতে নিজেদের ঘরে রহস্যজনকভাবে মারা যায় তকি ও তাহেরা। ওই ঘরে ছিলেন তাসলিমা।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় গত সোমবার তসলিমার শ্বশুর ইউসুফ আলী মোল্লা মধুখালী থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার দায় স্বীকার করে নিলে তসলিমাকে একমাত্র আসামি করে গতকাল বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করেন ইউসুফ আলী।
মধুখালী থানার ওসি রুহুল আমিন বলেন, জিজ্ঞাসাবাদে তসলিমা বেগম জানিয়েছেন, গত সোমবার ভোররাতে ঘুম থেকে জেগে তিনি দুই সন্তানকে হত্যার ‘গায়েবি’ নির্দেশ পান। তিনি বলেন, ‘গায়েবি আওয়াজ বলে, দুই সন্তানকে মেরে ফেললে তাদেরও মুক্তি মিলবে, আমারও মুক্তি মিলবে।’
ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এস এম খবিরুল ইসলাম বলেন, দুই শিশুরই গলার ওপরের দিকে মাঝামাঝি জায়গায় দুটি দাগ পাওয়া গেছে। ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে নমুনা পাঠানো হয়েছে। এ পরীক্ষার ফল পেলেই তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হবে।