ফরিদপুরে দুর্বৃত্তরা এসিডে ঝলসে দিয়েছে গৃহবধূর শরীর
ফরিদপুরে দুর্বৃত্তরা এসিড মেরে সাবিনা বেগম (২৭) নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।গৃহবধূর স্বজনেরা হাসপাতালে সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরের বোয়ালমারীর কালীনগরে স্বামীর বাড়িতে গৃহবধূ সাবিনা গরুকে ভুসি খাওয়াচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে এসিড ছুড়ে পালিয়ে যায়। এসিডে সাবিনার মুখ থেকে শরীরের নিচের অংশ ঝলসে যায়। প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল বুধবার বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাবিনা জানান, প্রতিবেশী কুটি শেখ, তাঁর স্ত্রী তানিয়া ও মা মরিয়ম বেগম গরুর ঘরে ঢুকে বলেন, ‘এখন মার’। এরপর কুটি শেখ সিরিঞ্জ টিপে ধরলে পানির মতো তরলে তাঁর মুখমণ্ডল থেকে নিচের অংশ ভিজে যায়। এর পরই জ্বালাপোড়া শুরু করে। তিনি চিৎকার দিয়ে ঘরের দুয়ারে পড়ে যান। এরপর তাঁর স্বামী ক্ষতস্থলে প্রচুর পানি ঢালেন। গৃহবধূর স্বামী মজিবর রহমান জানান, কুটি শেখের সঙ্গে তাঁর যৌথ ব্যবসা রয়েছে। ব্যবসায়িক বিরোধের জের ধরে তাঁর স্ত্রীর ওপর এসিড ছুড়ে মারা হয়েছে। ঘটনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা বিষয়টি মীমাংসার জন্য তদবিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এসেছেন। তবে এ ব্যাপারে তিনি মামলা করবেন।