ফরিদপুরে দেবে গেছে সড়ক
ফরিদপুরের তালমা-নগরকান্দা আঞ্চলিক সড়কের দেড় শ ফুট অংশ দেবে গেছে। এর ফলে ওই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে এলাকাবাসী।
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন নগরকান্দা-তালমা সড়কের লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের নুরু কাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। ১৮ ফুট চওড়া ওই সড়কের প্রস্থে আট থেকে ১০ ফুট ও দৈর্ঘ্যে দেড় শ ফুট অংশ তিন থেকে চার ফুট দেবে গেছে। এর ফলে সড়কের বাকি আট থেকে ১০ ফুট পাকা অংশ দিয়ে ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করছে।
ওই এলাকার শওকত কাজী জানান, ঈদুল আজহার পর থেকেই সড়কের পূর্ব পাশের ওই অংশ দেবে যেতে শুরু করে। কিন্তু গত সোমবার রাতে বড় গর্ত হয়ে ধসে পড়ার এ ঘটনা ঘটে। তিনি বলেন, গত বছরও ওই সড়ক দেবে যাওয়ার ঘটনা ঘটেছিল।
এলাকাবাসী সূত্র জানায়, গত বছর সড়ক বিভাগ ওই ধসে পড়া অংশে বাঁশের পাইলিং করে বালু ও খোয়া দিয়ে ভরাট করে কার্পেটিং করেছে। এরপর চলতি বছরও দেবে যাওয়া কিছু অংশে বালু-খোয়া দিয়ে কার্পেটিং করা হয়েছে। কিন্তু গত ঈদের পর বিশাল আকারে দেবে যাওয়ার এ ঘটনা ঘটে।
ফরিদপুর সওজ বিভাগ সূত্র জানায়, গত বছর দেবে যাওয়া ওই সড়কটি উঁচু করে কার্পেটিং করতে ১২ লাখ টাকা খরচ হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত খরচ হয়েছে আরও পাঁচ লাখ টাকা। সওজের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘সড়কটিতে আমাদের রক্ষণাবেক্ষণের উদ্যোগ কোনো কাজে আসছে না। এ জন্য ওই জায়গার মাটির গুণাগুণ পরীক্ষা করে দেখার জন্য মাটি সংগ্রহ করে সড়ক বিভাগের গবেষণাগার ঢাকার মিরপুরের পাইকপাড়ায় অবস্থিত মৃত্তিকা অনুসন্ধান বিভাগে পাঠানো হয়েছে। আমরা সেই প্রতিবেদন ও তাদের সুপারিশের অপেক্ষায় আছি।’