ফরিদপুরে দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী
‘হঠাৎ কইর্যা বানের পানিতে নদীর পাড় ভাইঙ্গ্যা ঘরবাড়ি তলায় গেছে। ঘরের মাল-ছামানাও কিছু বাইর করতি পারি নাই। পাঁচজন ছাওয়াল-মাইয়ার সাথে গরু-বাছুর নিয়্যা রাস্তার ওপর আইসা উঠছি।’ কথাগুলো বলছিলেন ফরিদপুরের বর্ধিত পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অধীনে হরিসভা এলাকার বাসিন্দা নুরজাহান বেগম (৬৩)।
১৬ জুলাই শহরের ভূঁইয়াবাড়ী ঘাট এলাকায় পদ্মা নদীর তীর ভেঙে পানি ঢুকতে শুরু করে ফরিদপুর পৌর এলাকায়। ২৪ ঘণ্টার মধ্যেই পানিতে নিমজ্জিত হয় অন্তত দেড় হাজার পরিবারের ঘরবাড়ি। লোকজন চলে আসে সড়কে। কেউ কেউ চলে যান আত্মীয়ের বাড়িতে।
ওই এলাকার আরেক বাসিন্দা হাফিজা খাতুন বলেন, ‘পরিবারের হগলতিরে নিয়্যা আইজ প্রায় এক সপ্তাহ রাস্তায় পইর্যা রইছি। আমাগের অবস্থা যেমন–তেমন, গরু–ছাগলের খাবারও জুটাইতি পারতেছি না। অবলা প্রাণীর খিদের অভাবে চিৎকার পারে। সহ্য করা যায় না।’
শহরের টিবি হাসপাতাল মোড় থেকে পূর্ব দিকে চলে গেছে গুচ্ছ গ্রামের সড়ক। সেখানে শুধুই হতদরিদ্র পরিবারের বাস। এই বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় এসব পরিবার এসে আশ্রয় নিয়েছে উঁচু সড়কে। সেখানকার মানুষের দুর্ভোগ আরও বেশি।
সড়কে আশ্রয় নেওয়া গৃহিণী আছিয়া বেগম বলেন, ‘গত পাঁচ দিন হইলো এহেনে (রাস্তায়) উঠছি। একবার চিড়্যা আর মুড়ি দিছিলো। তারপর আর কেউর দেখা নাই। এহন কী কইর্যা দিন চলবি আমাগের।’
১৬ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরের বিস্তীর্ণ এলাকার পানুষ পানিবন্দী হয়ে আছে। এর মধ্যে সবচেয়ে বিপাকে রয়েছে ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা, টিবি হাসপাতালের মোড়, সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর ও গদাধরডাঙ্গী এলাকার লোকজন। বন্যার পানিতে বাড়িঘর নিমজ্জিত হওয়ায় তারা বর্তমানে চরভদ্রাসন-ফরিদপুর সড়কের দুই পাশসহ বিভিন্ন বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ১৬ জুলাই ওই পয়েন্টে ৯৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ পয়েন্টে সর্বোচ্চ পানি রেকর্ড করা হয়েছে ২০ জুলাই ১০৬ সেন্টিমিটার। ১৩ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরেই আছে। পানির সামান্য হ্রাস–বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। ‘এটি একটি শঙ্কার বিষয়’ মন্তব্য করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘সমুদ্রের পানি ফুলে থাকায় পানি স্বাভাবিক গতিতে নামতে পারছে না। ফলে পানি একরকম দাঁড়িয়ে আছে। এটি আমাদের জন্য একটা শঙ্কার বিষয়। ভবিষ্যতে এ কারণে ক্ষতির মাত্রা আরও বেশি হতে পারে।’
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ৪টি উপজেলার ১৬টি ইউনিয়নের ৩৪৮ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বন্যার্তদের পর্যাপ্ত সরকারি সহায়তা দেওয়া হচ্ছে উল্লেখ করে বলেন, বানভাসি মানুষদের জন্য বৃহস্পতিবার পর্যন্ত ৫৫০ মেট্রিক টক চাল, ৭ হাজার প্যাকেট শুকনা খাবার ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব সামগ্রী সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। ত্রাণের পর্যাপ্ত মজুত রয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে।
বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে বন্যাদুর্গতদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। আলিয়াবাদ এলাকায় খাবার বিতরণ করেছে নন্দিতা সুরক্ষা নামে নারীদের একটি সামাজিক প্রতিষ্ঠান। দুপুরে শহরের ২৫ নম্বর ওয়ার্ডের হরিসভার বেড়িবাঁধে আশ্রয় নেওয়া বন্যার্তদের খাদ্যসহায়তা দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহসভাপতি মাহবুবুল হাসান আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।