ফরিদপুরে দেয়াল চাপায় দুই স্কুল ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দায় দেয়ালচাপা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই দুই শিশু কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ওই গ্রামের কোদালিয়া মৎস্য সমবায় সমিতির পরিত্যক্ত ভবনের পাশে একই গ্রামের শওকত মাতুব্বরের ছেলে রমজান (৮) ও জাহিদ মাতুব্বরের ছেলে জোহান (৭) খেলা করছিল। এ সময় হঠাৎ ভবনের দেয়াল ওই দুই শিশুর ওপর ধসে পড়ে। এতে তারা গুরুতর আহত হয়।
এলাকাবাসী রমজান ও জোহানকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহীন হোসেন তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফছার উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।