ফরিদপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
ফরিদপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে লিটন মাতুব্বর (২৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ আদেশ দেন।
লিটনের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালেশ্বর গ্রামে।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. বাবু মোল্লা বলেন, আদালত ধর্ষণের দায়ে লিটনকে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাঁকে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া অপহরণের দায়ে তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে আরও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুটি দণ্ড একই সঙ্গে চলবে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩১ মার্চ দিবাগত রাত আটটার দিকে ওই কিশোরীকে অপহরণ করেন লিটন ও তাঁর সহযোগীরা। ওই বছরের ২ এপ্রিল ওই কিশোরীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষণের অভিযোগে লিটনসহ ছয়জনকে আসামি করে ফরিদপুরের নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। এর দুই মাস পর ৪ জুন টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে লিটনকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ। লিটনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা। লিটন ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাসের আদেশ দেন।