ফরিদপুরে নগরকান্দায় বাস খাদে, শিশু নিহত
ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে জান্নাতী আক্তার নামে ১০ মাস বয়সী একটি শিশু মারা গেছে। এ ঘটনায় আহত ১৭ জন।
নগরকান্দা উপজেলার জয়বাংলা-কানফোরদী নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতী আক্তার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাকড়াতলী গ্রামের ফেরদৌস মিয়ার মেয়ে। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
বাসের যাত্রী ও স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী দিগন্ত পরিবহনের ওই বাসটি নগরকান্দার জয়বাংলা-কানফোরদী পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে।
নাম প্রকাশ না করে দুই যাত্রী অভিযোগ করেন, বাসের চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার কারণে বাসটি খাদে পড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, এ ঘটনায় এক শিশু নিহত ও ১৭ জন যাত্রী আহত হন। তিনি বলেন, চালক পলাতক। বাসটি জবদ করা হয়েছে।