ফরিদপুরে নজরুলের স্মৃতি নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জয়বাংলা’ ও ‘বাংলাদেশ’ এ দুটি শব্দের জন্য গর্ব করতে পারে ফরিদপুর। এ দুটি শব্দের পেছনে ফরিদপুরের অবদান রয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতার বহু আগে এ দেশের নামকরণ করেছেন বাংলাদেশ। আর ১৯২৪ সালে মাদারীপুরের বিপ্লবী পূর্ণচন্দ্র দাসকে অভিনন্দন জানিয়ে লেখা ‘পূর্ণ অভিনন্দন’ কবিতায় নজরুল প্রথম ব্যবহার করেছেন জয়বাংলা শব্দটি।
ফরিদপুরে অনুষ্ঠিত জাতীয় নজরুল সম্মেলনের দ্বিতীয় দিনে ‘বাংলাদেশে নজরুল: ফরিদপুরের স্মৃতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। গতকাল শনিবার বিকেল পাঁচটায় শহরের অম্বিকা ময়দানে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুল রহমান। তিনি বলেন, ফরিদপুরে নজরুলের একটি স্মৃতিকেন্দ্র হওয়া জরুরি। কবি সাত-আটবার ফরিদপুরে এসেছেন। এখানে তাঁর অসংখ্য স্মৃতি। এই ফরিদপুর থেকে তিনি নির্বাচনও করেছেন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। নজরুল ইনস্টিটিউট ও ফরিদপুরের জেলা প্রশাসন যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।