ফরিদপুরে নদীতে ডুবে দুই শিশু-কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে গোসল করতে গিয়ে ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে মারা যাওয়া কিশোর ফরিদপুর জিলা স্কুলের নবম শ্রেণির দিবাভাগের শিক্ষার্থী শাকের আলী (১৫)। সে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার নওশের আলীর ছেলে। গতকাল বিকেল চারটার দিকে শাকের বন্ধুদের সঙ্গে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। আজ সকাল সাড়ে সাতটার দিকে ওই এলাকায় তার লাশ ভেসে ওঠে।

গতকালই ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় কুমার নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সুমাইয়া (৯) নামের এক শিশু। সে তার মা-বাবার সঙ্গে গোসল করতে এসেছিল। সুমাইয়া ওই এলাকার মো. মুন্নাফের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মো. সাইফুজ্জামান বলেন, দমকল বাহিনীর ডুবুরিরা দেড় কিলোমিটার দূরে উত্তর আলীপুর এলাকা থেকে নদীতে ডুবন্ত অবস্থায় শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করে। অন্যদিকে স্কুলছাত্র শাকেরের লাশ সকাল সাড়ে সাতটার দিকে পদ্মা নদীতে ভেসে ওঠে।