ফরিদপুরে নদে ডুবে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে কুমার নদে ডুবে মারা গেছে কলেজছাত্র পার্থ পোদ্দার (১৭)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের মামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পার্থ নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি নাটোর শহরের লাল বাজার এলাকায়।

পার্থ গত রোববার ফরিদপুর সদরের মাহমুদপুর এলাকায় তার মামা লিখন দে’র বাড়িতে গিয়েছিল। লিখন দে বলেন, আজ পার্থ ও তাঁর ছেলে লিখন প্রীতম বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যায়। একপর্যায়ে পার্থ পানিতে তলিয়ে যায়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল আধ ঘণ্টার চেষ্টায় পার্থকে উদ্ধার করে।

পার্থের মামাতো ভাই প্রীতম দে বলেন, ‘পার্থকে উদ্ধারের পর তাকে নিয়ে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাই। কিন্তু শিক্ষানবিশ চিকিৎসকেরা আন্দোলনে থাকায় সেখানে পার্থর কোনো চিকিৎসা হয়নি। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গণেশ কুমার আগরওয়ালা তাকে মৃত ঘোষণা করেন।’