ফরিদপুরে নারীনেত্রী খুন সেনাসদস্য স্বামী পলাতক
ফরিদপুরের মধুখালী উপজেলায় বীথি খাতুন (২০) নামের এক কলেজছাত্রীকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী সেনাসদস্য সেকেন্দার আলী পলাতক রয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলা সদরের নিখুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ বীথির লাশ উদ্ধার করে। মাগুরার শ্রীপুর উপজেলার মোর্তজাপুর গ্রামের আবদুর রউফের মেয়ে বীথি মাগুরা মহিলা পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। দুই বছর আগে মুঠোফোনে বীথির সঙ্গে রংপুর সদর উপজেলার কালুরঘাট গ্রামের হাসান আলীর ছেলে সেনাসদস্য সেকেন্দার আলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তাঁদের বিয়ে হয়।
বীথির বড় বোন রিজিয়া বেগম বলেন, ‘আমার শ্বশুরবাড়ি মধুখালী উপজেলার নিকুরিয়া গ্রামে। বীথির স্বামী ছুটিতে এলে ওরা আমাদের বাড়িতে থাকত। কয়েক মাস হলো আমরা জানতে পারি, সেকেন্দার এর আগেও একটি বিয়ে করেছে। খবরটি শোনার পর বীথি ভেঙে পড়ে। এ নিয়ে মুঠোফোনে বীথির সঙ্গে সেকেন্দারের প্রায়ই ঝগড়া হতো। গত সোমবার সেকেন্দার আমাদের বাড়িতে আসে। গত মঙ্গলবার রাতেও তারা দুজন ঝগড়া করে।’ বীথির দুলাভাই মকলেসুর রহমান বলেন, বুধবার ভোরে সেকেন্দারের চিৎকার শুনে তাঁরা ঘুম থেকে উঠে দেখেন, বীথির লাশ ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে। তাঁরা লাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ার ফাঁকে সেকেন্দার পালিয়ে যান। পালানোর সময় সেকেন্দার তাঁর সেনাবাহিনীর পরিচয়পত্র, ব্যাগ, মুঠোফোন ও নিজের ব্যবহারের অন্য জিনিসপত্র ফেলে যান। বীথিকে সেকেন্দার গলাটিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখেন বলে তাঁরা ধারণা করছেন। সেকেন্দার বর্তমানে কুমিল্লা সেনানিবাসের ১০ মিডিয়াম আর্টিলারিতে সৈনিক (সৈনিক নং-১২২৫৪১৫) পদে কর্মরত রয়েছেন। এ ঘটনায় সেকেন্দারকে আসামি করে বীথির সেজো বোন সাফিয়া খাতুন মধুখালী থানায় হত্যা মামলা করেছেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সেকেন্দার আলীর ফেলে যাওয়া পরিচয়পত্রসহ অন্য জিনিসপত্র জব্দ করা হয়েছে। এদিকে বাগেরহাটে লিপচা আক্তার (২৩) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার শহরতলির গোবরদিয়া গ্রাম থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে লিপচার স্বামী কবির শেখ পলাতক রয়েছেন। লিপচা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের জাকির শেখের মেয়ে। বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী লিপচাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাকিল শেখ বাদী হয়ে কবিরের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।