ফরিদপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাড় উদ্ধার!
ফরিদপুরের সদরপুর উপজেলার আড়াইরশি বিল থেকে আজ মঙ্গলবার সকালে নয়টি হাড় উদ্ধার করেছে পুলিশ। হাড়ের সঙ্গে ফুলহাতা শার্ট, প্যান্ট ও এক জোড়া চামড়ার জুতাও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জামা পাঁচ মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা ব্যবসায়ী মিজানুর রহমানের (২৮) বলে শনাক্ত করেছেন তাঁর মা শিউলি বেগম।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য হাড়গুলো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদরপুর থানার পুলিশ সূত্র জানায়, মিজানুরের বাড়ি উপজেলার সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামে। গত ২৪ জুন রাত ১০টার দিকে তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন। বাড়ি না ফেরায় তাঁর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে পরের দিন মিজানুরের মা শিউলি বেগম সদরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর মুঠোফোন ট্র্যাকিংয়ের প্রযুক্তি ব্যবহার করে গত শনিবার রাতে সদরপুর ইউনিয়নের আটরশি গ্রাম থেকে আমিনুল ইসলাম মুন্নু (৩২) ও সাকিব সরদারকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, আজ আড়াইরশি বিল থেকে মাটিচাপা অবস্থায় এ হাড়গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মিজানুরের মা শিউলি বেগম বাদী হয়ে সদরপুর থানায় গ্রেপ্তার হওয়া দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
এ বিষয়ে আজ বেলা দুইটার দিকে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আমিনুল ও সাকিব মিজানুরের ইলেকট্রনিকস ব্যবসার অংশীদার ছিলেন।