ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় গত শনিবার দিবাগত রাতে নিজের বাসায় সাবেক একজন উপসচিবের ছেলে খুন হয়েছেন। নারায়ণগঞ্জের সদর উপজেলায় সহপাঠীর হাতে খুন হয়েছে দশম শ্রেণীর এক ছাত্র। এছাড়া গতকাল রোববার খুলনা নগর, নরসিংদীর রায়পুরা ও যশোরের মনিরামপুর উপজেলায় পৃথক খুনের ঘটনা ঘটেছে। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে সাবেক উপসচিব সৈয়দ আকরাম হোসেনের বাড়িতে তাঁর ছেলে আনজুম হোসেন ওরফে রিমনকে (২৪) খুন করে এক দুর্বৃত্ত। সে উপসচিব আকরাম ও তার স্ত্রী ফরিদা বেগমকেও কুপিয়ে আহত করে। পরে তালা ভেঙ্গে রিমনের ব্যবহূত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। রিমনের মামা কাজী ফিরোজ জানান, রিমন প্রতিরাতেই বাড়িতে বিভিন্ন বন্ধু নিয়ে থাকতো। বিষয়টি নিয়ে রিমনের সঙ্গে তাঁর বাবা-মায়ের ঝগড়া লেগেই থাকতো। শনিবার রাতেও এক বন্ধু তার সঙ্গে ছিল। ধারণা করা হচ্ছে, রাতে ওই বন্ধুর হাতেই খুন হয় রিমন। সকালে প্রতিবেশীরা রিমনের বাবা ও মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রিমনের বাবা আকরাম হোসেন জানান, শনিবার রাতে রিমনের সঙ্গে যে ছিল তাকে আগেও দু-একবার দেখেছেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, রিমনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে ব্যবহূত একটি দা জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ: সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দশম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেনকে খুন করেছে তার চার সহপাঠি। এ ঘটনায় জড়িত অভিযোগে আটক আরাফাতের সহপাঠী দেলোয়ার হোসেন পুলিশকে এ তথ্য দিয়েছে। নিহতের বড় ভাই সোহাগ জানান, আরাফাত সিদ্ধিরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। গত শুক্রবার বিকেলে সে নিজের ল্যাপটপ নিয়ে দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আউয়াল জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দেলোয়ার স্বীকার করেছে শুক্রবার রাতে আরাফাতকে তাঁরা খুন করে। হত্যাকান্ডে ব্যবহূত দুইটি ব্লেড উদ্ধার করা হয়েছে। আরাফাত হোসেন সিদ্ধিরগঞ্জ থানার আঁঁটি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। খুলনা: খুলনা নগরে গতকাল বিকেলে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হায়দার আলী ওরফে কানা হায়দার (৪২) ও তরিকুল ইসলাম ওরফে পিকু (৩০) নিহত হয়েছেন। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, নগরের বানরগাতি এলাকায় বেলা তিনটার দিকে মর্জিনা বেগম নিজের ঘরে স্বামী হায়দার, ভাই পিকু ও ছেলে মাহফুজকে নিয়ে দুপুরে খাবারের জন্য আয়োজন করছিলেন। এ সময় তিন যুবক ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে হায়দারের বুকে ও পেটে আঘাত করতে থাকে। মর্জিনা ও পিকু বাধা দিলে তাদেরও অস্ত্র দিয়ে কোপায়। তাঁদের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।প্রতিবেশীরা তিন জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই হায়দার মারা যায়। হাসপাতালে নেওয়ার পরে পিকু মারা যায়। মর্জিনা হাসপাতালে চিকিত্সাধীন আছেন। সোনাডাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায়, নিহত হায়দার পুলিশের তালিকাভুক্ত চোরাই মটর সাইকেল ব্যবসায়ী চক্রের নেতা। পিকু ফোন-ফ্যাক্সের ব্যবসা করতো। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাজু ওরফে ভারতীয় রাজুসহ তিন সন্ত্রাসীকে তাঁরা রক্তমাখা হাতে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। সোনাডাঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ভৈরব: রায়পুরা উপজেলার পীরপুর উত্তরপাড়া গ্রামে আয়েছ আলী (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে আয়েছ আলীর কয়েকটি মুরগি তাঁর ভাতিজা রুস্তম মিয়ার (৩৫) ঘরে ঢোকে। এতে রুস্তম ক্ষুব্ধ হয়ে গালাগালি করেন। এর সূত্র ধরে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রুস্তম ছুরি দিয়ে আয়েছ আলীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রুস্তম মিয়ার পরিবারের সদস্যরা জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে এ দুর্ঘটনা ঘটে যায়।রায়পুরা থানার ওসি এমদাদুল হক জানান, রুস্তমকে গ্রেপ্তার করা হয়েছে। আয়েছ আলীর মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মণিরামপুর (যশোর): মণিরামপুর উপজেলার দোদাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম নামের এক যুবক খুন হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে ওসমান মোড়ল (২৭) ছোট ভাই শারিরীক প্রতিবন্ধী জহুরুল ইসলামকে (২২) বাড়ি থেকে ধাওয়া করে। জহুরুল এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। ওসমান সেখানে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে জহুরুলকে হত্যা করে। প্রতিবেশীরা ওসমানকে দাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মা ছলু বিবি (৫৫) জানান, ওসমান মানসিক প্রতিবন্ধী। মণিরামপুর থানার ওসি লোকমান হেকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।