ফরিদপুরে নির্বাচন কার্যালয়ে সশস্ত্র আনসার মোতায়েন
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আঞ্চলিক কার্যালয়সহ ফরিদপুর জেলার সব উপজেলা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তায় আনসার-ভিডিপির ৬৬ জন সশস্ত্র সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি দলে পোশাক পরা ছয়জন করে সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। ৬ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ফরিদপুর আঞ্চলিক, জেলা ও নয়টি উপজেলা নির্বাচন কার্যালয়ে আনসার-ভিডিপির এসব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও পুলিশ সুপার জামিল হাসানের সঙ্গে সমন্বয় করে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কাজী দেলোয়ার হোসেন গত শনিবার এ সিদ্ধান্ত নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা কমান্ড্যান্ট বলেন, আনসার ও ভিডিপির সদর দপ্তরের নির্দেশে জননিরাপত্তায় স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাঁরা নির্বাচন কার্যালয়ের সরঞ্জামাদি, নির্বাচনসামগ্রীর নিরাপত্তা বিধান এবং সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে দিনরাত সতর্ক দৃষ্টি রাখবেন।