ফরিদপুরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পলিথিন উদ্ধার ও বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরীয়ার মতিনের সমন্বয়ে গঠিত আদালত র্যাব-৮-এর সহায়তায় গতকাল রোববার এই অভিযান চালান।দুপুরে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে অভিযানকালে আনন্দ সাহার চায়ের দোকান থেকে প্রায় ৬০ হাজার টাকার ৪০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, আনন্দ সাহাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারায় দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়।একই আদালত সকাল সাড়ে ১০টায় ফরিদপুর শহরের সিএনবি ঘাট এলাকার যতীশ চন্দ্র সরকারের (৫০) ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ চিকিৎসকদের জন্য দেওয়া নমুনা (ফিজিশিয়ান স্যাম্পল) ওষুধ উদ্ধার করেন। পরে তাঁর দোকানটি সিলগালা করে দেওয়াসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত একই অভিযোগে ফরিদপুর শহরের মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন সেবা ফার্মেসির এনায়েতউল্লাহ (৪০), লাবণী ড্রাগ হাউসের কাওসার হোসেন (৩০), মেডিসিন সেন্টারের ভাস্কর রায় (৩০) ও খান মেডিকেল সেন্টারের কবির হোসেনকে (৩০) সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন।