‘মোর পোলার বউ, আর নাতি দুইডা ঢাকা গ্যাছেলে ডাক্তার দেহাইতে। ডাক্তার ঠিকই দেহাইছে। কিন্তু বাড়ি আর ফির্যা আইতে পারল না।’ আহাজারি করে এ কথাগুলো বলছিলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গামইরতলা গ্রামের সালেহা বেগম।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত বুধবার রাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হন সালেহা বেগমের ছেলের বউ আসমা বেগম। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে নাতি আরিফুর রহমান (১৩) ও নাতনি আমেনা বেগম (১৫)। দুর্ঘটনায় নিহত ২৫ জনের আটজনই কলাপাড়ার বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার শিকার সোনার তরী পরিবহনের সংশ্লিষ্ট বাসচালকের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় মামলা করেছে পুলিশ।
দুর্ঘটনার পরদিন গত বৃহস্পতিবার দুপুরে গামইরতলা গ্রামের আসমা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে চলছে মাতম। খবর পেয়ে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনেরা এসেছেন আসমার লাশ দাফনের জন্য।
এ সময় আসমার চাচা নুরুজ্জামান হাওলাদার বলেন, ‘রাস্তায় পেরতেক দিনই তো সড়ক দুর্ঘটনায় মানুষ মরছে। আর কত মানুষ এই রহম কইর্যা মরবে? রাস্তার দুর্ঘটনা কি কোনো দিনই কোমবে না?’ এ প্রশ্ন এখন শুধু আসমার পরিবারের নয়, দুর্ঘটনায় নিহত কলাপাড়ার অন্য সাতজনের পরিবারেরও।
ওই প্রতিটি পরিবারই বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিল স্বজনের লাশ গ্রহণ করে দাফনকাজ শেষ করার জন্য। দুর্ঘটনায় কলাপাড়ার নিহত অপর সাতজন হলেন পশ্চিম মধুখালী গ্রামের শাহজালাল শাহীন, তেগাছিয়া গ্রামের মাহমুদুল হাসান মিঠু, বৌদ্ধপাড়া গ্রামের হেলাল উদ্দিন ফকির, মধ্য লোন্দা গ্রামের রিপন উকিল, পশ্চিম হাসনাপাড়া গ্রামের সূর্যবানু বেগম, মঞ্জুপাড়া গ্রামের আকলিমা বেগম ও চান্দুপাড়া গ্রামের আবু বক্কর।
ওই আটজনের পরিবারপ্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনে নগদ ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেন।
চালকের বিরুদ্ধে মামলা: সোনার তরী পরিবহনের দুর্ঘটনাকবলিত বাসের চালক জাকির হোসেনের (৪০) বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় মামলা করেছে পুলিশ। চালক বেপরোয়া গতিতে বাস চালিয়ে মৃত্যুর ঘটনা ঘটিয়েছেন-এ অভিযোগে গত বৃহস্পতিবার মামলাটি করা হয়। ভাঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুমিনুর রহমান ওই মামলা করেন।