ফরিদপুরে নৌকাশ্রমিকদের ধর্মঘট
পাবনার ফরিদপুর উপজেলার বড়াল ও গুমানী নদীতে নৌকা চলাচলের ওপর পৌরসভার টোল (চাঁদা) বাড়ানোর প্রতিবাদে নৌকাশ্রমিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। ছয় দিন ধরে এ ধর্মঘট চলায় ভোগান্তিতে পড়েছে ৫০টি গ্রামের ৭০ হাজার মানুষ।এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়াল ও গুমানী নদী পারের পুংগলী, বি এল বাড়ী ও ডেমরা ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের ৭০ হাজার মানুষকে নৌকায় করে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয়। নদী দুটিতে শতাধিক ইঞ্জিনচালিত নৌকা সার্বক্ষণিক পারাপারের কাজে নিয়োজিত থাকে। আর প্রতিটি নৌকার জন্য প্রতিদিন পৌর কর্তৃপক্ষকে ১৫ টাকা করে দিতে হয়। ১৫ এপ্রিল পৌর কর্তৃপক্ষ হঠাৎ এই টোলের পরিমাণ বাড়িয়ে ২০ টাকা করে। এতে নৌকাশ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে এদিন থেকেই নৌকা চালানো বন্ধ করে দেন।ফরিদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাসান আলী বলেন, ‘নৌকাশ্রমিকদের এই ধর্মঘটে আমরা চরম ভোগান্তি পোহাচ্ছি। ধর্মঘটের ছয় দিন পার হলেও পৌর কর্তৃপক্ষ সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নিচ্ছে না।বাজারের গো-খাদ্য ব্যবসায়ী মজিবর রহমান জানান, নদী পারের গ্রামগুলোর অধিকাংশ মানুষ গো-খামারি। তাঁরা নৌকাযোগে গরুর খাবার নেন এবং দুধ সরবরাহ করেন। নৌকা চলাচল বন্ধ থাকায় খামারিরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন।নৌকাশ্রমিক সমিতির সভাপতি মোহর আলী বলেন, ‘গত বছর নির্বাচনের আগে মেয়র ঘাটের ডাক বন্ধ করার জন্যি আমাগের সাথে আন্দোলন করেছিল। ইবার সে মেয়র হয়া আমাগের উপর টোল বসাইছে। পৌরসভার কোনো ঘাটেই টোল নেওয়া হয় না। তাই আমরাও আর টোল দেব না। টোল নেওয়া বন্ধ না করা পর্যন্ত আমাগের ধর্মঘট চলবি।’এ বিষয়ে পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ বলেন, ‘দেশের সকল ঘাট ইজারার মাধ্যমে চলে। এর জন্য সরকারকে টাকা দিতে হয়। পৌর কর্তৃপক্ষ এই টাকা উত্তোলন করে সরকারি কোষাগারে জমা দেন। ২০০৯ সাল থেকে ১৫ টাকা করে টোল নেওয়া হচ্ছে। টোল পরিবর্তন করে মাত্র পাঁচ টাকা বাড়ানো হয়েছে। এটা অযৌক্তিক নয়। নৌকাশ্রমিকেরা কারও প্ররোচনায় অহেতুক এই ধর্মঘট করছেন। মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে তাঁদের এই ধর্মঘট প্রত্যাহার করা উচিত।’