ফরিদপুরে পদ্মার পেটে আরও ছয়টি বাড়ি
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএনবিঘাট এলাকার বিকাশ কলোনিতে গত শনিবার দিবাগত রাতে ছয়টি বসতবাড়ি পদ্মায় বিলীন হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১২টা থেকে হঠাৎ করে পদ্মার ভাঙন শুরু হয়। পদ্মার পাড়ে অবস্থিত বিকাশ কলোনির বাড়িগুলো মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যেতে থাকে। মাত্র আধা ঘণ্টার মধ্যে ওই এলাকায় প্রায় এক একর জমির ওপর স্থাপিত মুরাদ মোল্লা, তোতা শেখ, রিনা বেগম, জোলেকা বেগম, সামসু ব্যাপারী ও মজিবর শেখের বসতবাড়ি বিলীন হয়ে যায়।ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল বলেন, বসতবাড়ি হারানো এই পরিবারগুলো মাছ ধরে জীবিকা নির্বাহ করে। পবিত্র ঈদুল ফিতরের আগ মুহূর্তে এ বিপর্যয়ের কারণে তারা চরম সংকটে পড়েছে।ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারকে একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। ঈদের আগেই প্রতি পরিবারকে ২০ কেজি চাল ও পাঁচ হাজার করে টাকা সাহায্য দেওয়া হবে।