ফরিদপুরে পদ্মায় পানি বৃদ্ধি, ১৩০০ পরিবার পানিবন্দী
গত দুই দিনে পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর সদর উপজেলার দুটি ইউনিয়নের সাতটি গ্রামের এক হাজার ৩০০ পরিবারের প্রায় সাত হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, গোয়ালন্দ এলাকায় পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বাড়লেও বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সদরের চরমাধবদিয়া ইউনিয়নের বাঘেরটিলা গ্রামের অধিকাংশ বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। এই গ্রামে আট শতাধিক পরিবার বসবাস করে।স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তুহিনুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনকে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো সাহায্য দেওয়া হয়নি। আজ রোববার তাদের তালিকা করে উপজেলায় জমা দেওয়া হবে।এদিকে ডিক্রিরচর ইউনিয়নের ভুয়াডাঙ্গি, ভাঙ্গিডাঙ্গি, উজির মাহমুদেরডাঙ্গি, রহিমেরডাঙ্গি, ব্যাপারীডাঙ্গি ও কাজেম মাতুব্বরেরডাঙ্গি গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল বলেন, বাড়িঘর ছাড়াও ওই গ্রামগুলোতে ৩০০ একর জমির আমন ধান তলিয়ে গেছে। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘আগামীকাল (২৩ জুলাই) ফরিদপুর সদরের চারটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের নিয়ে সভা ডাকা হয়েছে। আমি সরেজমিনে পরিস্থিতি দেখে আসব।’