ফরিদপুরে পদ্মায় মাছ শিকারের বেড়াটি ভাঙা শুরু হয়েছে
ফরিদপুরে মাছ শিকারের জন্য আড়াআড়িভাবে পদ্মা নদীতে বাঁশ ও জালের যে বেড়াটি দেওয়া হয়েছিল তা অপসারণ শুরু হয়েছে। মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের নির্দেশে গত বুধবার থেকে বেড়া অপসারণের কাজ শুরু করেন সহকারী কমিশনার (ভূমি) দেব প্রসাদ পাল। গত বুধবার প্রথম আলোয় এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। বিষয়টি মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নজরে এলে তিনি বেড়াটি অপসারণের নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. ওমর ফারুক দেওয়ান।ফরিদপুর সদর উপজেলার দূরবর্তী দুর্গম জায়গা নর্থচ্যানেল ইউনিয়নের ঢোলাইর চর ও চর টেপুরাকান্দি এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে উত্তর-দক্ষিণ বরাবর প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ বেড়াটি দেওয়া হয়েছিল।দেব প্রসাদ পাল জানান, এ বেড়া নির্মাণে প্রায় পাঁচ হাজার বাঁশ ব্যবহার করা হয়েছে। বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত আড়াআড়িভাবে দেওয়া বাঁশগুলোর বাঁধন কেটে দেওয়া হয়েছে। জালগুলো কেটে নৌকায় তুলে নেওয়া হয়েছে এবং ভাড়া হিসেবে ব্যবহার করা বালুর বস্তাগুলো খুলে ফেলা হয়েছে।নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবদুস সালাম জানান, কিছুদিন ধরে নদীতে বেড়া দিয়ে মাছ শিকারের যে অবৈধ কাজ চলছিল, জেলা প্রশাসনের হস্তক্ষেপে বুধবার থেকে তা বন্ধ হয়ে গেছে। যারা ওখানে মাছ ধরছিল, তারা সবাই পালিয়ে গেছে।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, জেলার কোথাও নদীর প্রবাহে বেড়া দিয়ে মাছ শিকার করতে দেওয়া হবে না।