ফরিদপুরে পল্লিকবির জন্মবার্ষিকী পালিত
ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীনের ১১২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির সমাধির কাছে বাড়ির আঙিনায় আলোচনা সভা হয়।
জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ। তিনি বলেন, ‘আমরা পল্লির মানুষ হিসেবে কবির লেখা পড়ে আপ্লুত হয়েছি, উদ্বেলিত হয়েছি। কিন্তু নগরায়ণের কারণে আজকালকার শিশুরা কবির অমর সব রচনার অনেক বস্তু চিনতে পারছে না। এ চেনানোর জন্যই সরকারি উদ্যোগে কবির বাড়ির সামনে নির্মাণ করা হচ্ছে জসীম সংগ্রহশালা। এ সংগ্রহশালা যুগ যুগ ধরে কবির কাব্য প্রতিভা ও কর্ম আমাদের মধ্যে জাগরূক রাখবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আনোয়ারুল ইসলাম, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি এম এ সামাদ, শিক্ষক আলতাফ হোসেন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক রেজভী জামান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, কবির ভাতিজা সাইফুদ্দিন আহমেদ, সম্মিলিক সংস্কৃতিক জোটের আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।
সকাল নয়টার দিকে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, বিনোদন নাট্যদল, ফরিদপুর প্রেসক্লাব, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দীন উচ্চবিদ্যালয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পল্লিকবির জন্মবার্ষিকী পালনের অংশ হিসেবে ১০ জানুয়ারি শহরতলির অম্বিকাপুরের জসীম উদ্যানে পক্ষকালব্যাপী জসীম পল্লি মেলা শুরু হওয়ার কথা।
জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে জন্ম নেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই দিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিম গাছের’ তলায় তাঁকে দাফন করা হয়।