ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা, চিত্রাঙ্কন, আলোকচিত্র ও চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ১১১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকালে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন। পরে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা পল্লীকবি জসীমউদ্দীনকে মনে রেখেছি। যত দিন বাংলা ভাষা, বাংলা সাহিত্য থাকবে, তত দিন বেঁচে থাকবেন পল্লীকবি।’ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবির ছেলে জামাল আনোয়ার, এম এ সামাদ, আবুল ফয়েজ শাহনেওয়াজ, কবিরুল ইসলাম সিদ্দিকী, আমিনুর রহমান, আবু সুফিয়ান চৌধুরী, আসমা আক্তার, শামীম আরা বেগম, আবু জাফর শেখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল হয়।