ফরিদপুরে পাঁচ মণ পলিথিন জব্দ জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত ফরিদপুর শহরের শরীয়তুল্লাহ বাজার ও কানাইপুর বাজারে অভিযান চালিয়ে চার মুদি ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ মণ পলিথিন জব্দ করেছেন। নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ওই চার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের মধ্যে কানাইপুর বাজারের প্রবীর চক্রবর্তী ও চন্দন অধিকারীকে ১০ হাজার টাকা করে এবং শরীয়তুল্লাহ বাজারের আবদুর রশিদ ও কানাইপুর বাজারের জীবন কুন্ডুকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই আদালত লাইসেন্স, হেলমেট ও একটি মোটরসাইকেলে তিনজন চড়ার অভিযোগে মগুরার জিয়াউদ্দীনকে দুই হাজার এবং ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া বিক্রির অভিযোগে শহরের তিতুমীর বাজারের বিষ্ণু মালোকে দুই হাজার টাকা জরিমানা করেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ আদালতের নেতৃত্ব দেন।