ফরিদপুরে পাউবোর বাঁধ দেবে গেছে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৯০ বর্গমিটার আয়তনের অংশটি প্রায় এক হাত নিচে দেবে গেছে। পাউবোর কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।হাজিগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী কুমারেশ সিকদার জানান, গত সোমবার ভোরে মুরগিহাটের কাছে ৩০ মিটার দীর্ঘ ও তিন মিটার চওড়া হয়ে ৯০ বর্গমিটার আয়তনের জায়গাটি প্রায় এক হাত নিচে দেবে গেছে। স্থানীয় গাজীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, প্রতিদিনই বাঁধের কিছু অংশ ধসে পড়ছে। অথচ মেরামতের কাজ শুরু না হওয়ায় সমগ্র বাজারটি হুমকির মুখে পড়েছে।ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ‘বাঁধের কিছু অংশ দেবে যাওয়ার খবর আমি শুনেছি।’ তিনি জানান, হাজিগঞ্জ বাজারের মেরামতকাজের কার্যাদেশ দুই-তিন দিনের মধ্যে দেওয়া হবে।