ফরিদপুরে পাচারকারী গ্রেপ্তার, দুই শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক শিশু অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বোয়ালমারীর শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের কাছে শামসুল হকের বাড়ির পাশে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। গঙ্গানন্দী গ্রামের দুই শিশু সেখানে যায়। এ সময় আলফাডাঙ্গা উপজেলার কুশুমদী গ্রামের সালাম মুন্সী (৪৫) চকলেট ও টাকার লোভ দেখিয়ে তাদের পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখান থেকে তাদের মুখ চেপে ধরে জোরপূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি শিশু চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন গিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় এবং শিশু দুটিকে উদ্ধার করে। বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন জানান, এ ব্যাপারে একটি শিশুর বাবা বাদী হয়ে সালাম মুন্সীকে আসামি করে গতকাল মঙ্গলবার একটি মামলা করেছেন। সালামকে গতকালই পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, সালাম শিশু পাচারের সঙ্গে আগে থেকেই জড়িত। এর আগে তাঁর বিরুদ্ধে এ ধরনের তিনটি অভিযোগ রয়েছে।