ফরিদপুরে পানিতে ডুবে প্রাণ গেল চাচাতো ৩ ভাইবোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানিতে ডুবে চাচাতো তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে গেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো জমির মাতুব্বরের মেয়ে জিমি (৮) ও ছেলে সাজ্জাদ (২) ও বাসার মাতুব্বরের মেয়ে মিম (৭)। বাসার মাতুব্বর ও জমির মাতুব্বর দুই ভাই।

শিশুদের পরিবার জানায়, তাদের বাড়ি পাশে একটি পুকুর আছে। ধারণা করা হচ্ছে, সেই পুকুরপাড়ে ওই তিন চাচাতো ভাইবোন একসঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তারা নিথর। কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বাসার মাতুব্বরের অপর ভাই এনামুল মাতুব্বর বলেন, জমির আলী মাতুব্বর সদরপুর উপজেলা সদরে ফলের ব্যবসা করেন। তিনি তাঁর স্ত্রী ওই দুই ছেলেমেয়ে জিমি ও সাজ্জাদকে নিয়ে সদরপুরে থাকেন। অপর দিকে কাঁঠালবাড়ি গ্রামে বসবাস করেন বাসার মাতুব্বর। তিনি ফরিদপুরে ফুচকা বিক্রি করেন। জমির মাতুব্বর মসজিদে আজ ইফতার দেওয়ার জন্য দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়িতে এসেছিলেন।

চলতি মাসের ৪ তারিখ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমোড়া গ্রামে চার শিশু নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি সেদিন। পরের দিন ভোরে পুকুরে ভেসে ওঠে ওই চার শিশুর লাশ ।