ফরিদপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু, এক শিশু নিখোঁজ

ফরিদপুরের চরভদ্রাসনে নানাবাড়িতে যাওয়ার সময় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার সিকদারেরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিকেলে মধুখালী উপজেলায় বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে এক ছাত্রী নিখোঁজ রয়েছে।

পানিতে ডুবে মারা যাওয়া অমি আক্তার ও তার ভাই তামীম হোসেন।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে নানাবাড়ি যাওয়ার সময় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার সিকদারেরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিকেলে মধুখালী উপজেলায় বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে এক ছাত্রী নিখোঁজ রয়েছে।
চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আবদুল সিকদারেরডাঙ্গী গ্রামের বাসিন্দা দুবাইপ্রবাসী মোহাম্মদ রাসেলের মেয়ে অমি আক্তার (১৫) ও তাঁর ছেলে তামীম হোসেন (৮) পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে গতকাল অমি আক্তার ও আজ বৃহস্পতিবার তামীম হোসেনের লাশ উদ্ধার করা হয়। অমি আক্তার চরভদ্রাসন পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং তামীম সদরের আল হেরা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। মধুখালী উপজেলায় নদীতে পড়ে নিখোঁজ রয়েছে একই উপজেলার পশ্চিমপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে সাদিয়া (৭)।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন খানম বলেন, এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মিলে অমি আক্তার ও তামীম হোসেনের লাশ উদ্ধার করেছেন। আজ জোহর নামাজের পর জানাজা শেষে দুই ভাইবোনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মধুখালী উপজেলার ইউনিয়নের পশ্চিমপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে সাদিয়া তার বান্ধবী মারিয়ার সঙ্গে চন্দনা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হচ্ছিল। এ সময় সাদিয়া হঠাৎ নদীর পানিতে পড়ে যায়। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও সাদিয়ার সন্ধান না পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের খবর দেন।

মধুখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশনমাস্টার সিকদার বলেন, বুধবার বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও সাদিয়াকে পাননি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে সারা রাত চন্দনা নদীতে অভিযান চালায়। কিন্তু তারাও সাদিয়াকে উদ্ধার করতে পারেনি।