ফরিদপুরে পাম্পের টাকা ছিনতাই, দুই ইরানি গ্রেপ্তার
ফরিদপুরে একটি পেট্রল পাম্প থেকে ৬২ হাজার ৫০০ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ইরানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় একই মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার ইউনাইটেড পেট্রল পাম্পের সামনে থেকে দুই ইরানিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ডেভড ইয়ার বিগি ডারভি সানড (৩৬) ও আলি রেজা ওরফে ফাইজার (২৮)। তাঁদের কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে।
জব্দ করা পাসপোর্ট থেকে জানা গেছে, ওই দুই ব্যক্তি এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে ৪ মে বাংলাদেশে আসেন। ২৯ মে তাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা।
পুলিশ ও তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুটি প্রাইভেটকারে করে চারজন বিদেশি তোফাজউদ্দিন পেট্রল পাম্পে আসেন। তাঁরা ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের কক্ষে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ৬২ হাজার ৫০০ টাকা নিয়ে যান। পরে কামরুজ্জামান মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের পিছু নেন। একপর্যায়ে তিনি ফরিদপুর সদরের ইউনাইটেড পেট্রল পাম্পে ওই গাড়ি দুটি দেখতে পান। পরে এলাকাবাসীর সহায়তায় তিনি একটি গাড়িসহ দুই ইরানি নাগরিককে আটক করতে সক্ষম হন। অপর দুই বিদেশি গাড়িসহ পালিয়ে যান।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুই বিদেশি নাগরিককে আটক করে। ছিনতাইয়ের ঘটনাটি নগরকান্দা থানা এলাকার মধ্যে পড়ায় তাঁদের ওই থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার এসআই সুকান্ত দত্ত প্রথম আলোকে জানান, ওই দুই ইরানি নাগরিকের কাছ থেকে ছিনতাই করা ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের মালিক নগরকান্দার ছাগলছিড়া এলাকার বাসিন্দা জামাল মীর বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে ওই দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে নগরকান্দা থানায় ছিনতাইয়ের অভিযোগ একটি মামলা করেছেন। বিকেলে ওই দুই বিদেশি নাগরিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।