ফরিদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পুকুরের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো দক্ষিণ টেপাখোলা মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী লোকমান মৃধার মেয়ে তাবাসুন ওরফে রেশমা (৭) এবং ওই একই এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী জাকির মৃধার ছেলে সাফায়েত মৃধা (৫)।
তাবাসুন কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সাফায়েত স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দুই শিশু বাড়ির পাশে সালাম মৃধার পুকুরপাড়ে খেলা করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা দুজন তড়িঘড়ি করে বাড়িতে আসার জন্য দৌড় দিলে দুজনই সালাম মৃধার পুকুরের পড়ে যায়। এলাকাবাসী ঘটনাটি দেখে কিছুক্ষণের মধ্যে তাদের দুজনকে ওই পুকুর থেকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকার বাসিন্দা ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান জানান, দুটি শিশুর মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।