বেড়িবাঁধ কেটে ফেলার অভিযোগে ফরিদপুরে আবদুর রহমান নামের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গতকাল শনিবার পাউবোর আলফাডাঙ্গা বোয়ালমারী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী আলফাডাঙ্গা থানায় এ মামলা করেন।আবদুর রহমানের বাড়ি উপজেলার বুরাইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে। তিনি ঢাকার একটি থানায় পরিদর্শক পদে কর্মরত বলে জানা গেছে। পাউবো, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাকিস্তান আমলে নির্মিত ৫৯ কিলোমিটার দৈর্ঘ্যের এ বেড়িবাঁধটি ‘আলফাডাঙ্গা-বোয়ালমারী সিস্টেম’ নামে পরিচিত। এ বেড়িবাঁধের বুরাইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের কাছে প্রায় ৫০ মিটার অংশ গত মঙ্গল ও বুধবার কেটে ফেলা হয়। বুরাইচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মকিবুল হাসান বলেন, আবদুর রহমান বেড়িবাঁধটির ওই অংশ গত মঙ্গলবার থেকে কাটা শুরু করেন।মামলার বাদী পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী বলেন, ‘আমরা গত মঙ্গলবারই তাঁকে বাধা দিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কথায় কান না দেওয়ায় আমি গত শুক্রবার আবদুুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিই, যেটি গতকাল শনিবার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।’আবদুর রহমান মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি পাউবোর জায়গায় হাত দিইনি। আমার কেনা জায়গা পাউবো দখল করে রেখেছে বলে আমি গত ৮ মার্চ পাউবো, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে বিবাদী করে একটি দেওয়ানি মামলা করি।’ তিনি বলেন, ‘পাউবোর মামলা সম্পর্কে আমি কিছু জানি না। তবে আমার দেওয়ানি মামলার কারণে পাউবো সংক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মামলা করে থাকতে পারে।’আলফাডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘আবদুর রহমান পরিদর্শক পদে ঢাকার একটি থানায় কর্মরত আছেন বলে আমরা জানতে পেরেছি। তাঁর বিরুদ্ধে পাউবোর বেড়িবাঁধ কেটে ফেলার অভিযোগে মামলা হয়েছে।