ফরিদপুরে পুলিশকে ঘেরাও, অতঃপর গুলি, নিহত ১
ফরিদপুরের নগরকান্দায় হরতালকারীদের ঘেরাও থেকে আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফ মাতুব্বর (১৯) নিহত হয়েছেন। আজ রোববার ১৮ দল আহূত ৬০ ঘণ্টার হরতাল শুরুর পরপরই সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ দাবি করেছে, তারা ফাঁকা গুলি ছুড়েছে।
এদিকে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে জুঙ্গুরদিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফরিদপুর ও আশপাশের সালথা, মুকসুদপুর, বোয়ালমারী ও ভাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে সংঘর্ষকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ ছাড়া ফরিদপুর থেকে র্যাব-৮-এর একটি দলও ঘটনাস্থলে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থকেরা নগরকান্দা পৌর এলাকার জুঙ্গুরদির মোড়ে সমবেত হয়। তারা গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় পুলিশ পিকেটারদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পিকেটারদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে তারা পুলিশকে মাঝে রেখে তিন দিক থেকে অবরুদ্ধ করে ফেলে। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ও পরে রাবার বুলেট এবং সবশেষে শটগানের গুলি ছোড়ে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারুফ মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন। মারুফ হোসেন নগরকান্দা পৌর এলাকার মিনার গ্রামের রাজু মাতুব্বরের ছেলে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, মারুফকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলি মারুফের বুকের একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়।
সুনীল চক্রবর্তী আরও বলেন, সংঘর্ষ চলাকালে ওই এলাকায় থাকা মীনার গ্রামের সুইদুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (১৮) ও নগরকান্দা সদরের শাহেদ আলীর ছেলে বদুলের (১৬) পায়ে ও হাতে গুলি লাগে। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। হাসপাতাল থেকে একটি মেডিকেল দল থানায় গিয়ে তাঁদের চিকিৎসা দিয়েছে।
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ থেমে থেমে এখনো অব্যাহত রয়েছে। এ পর্যন্ত র্যাবের দুই সদস্য, ১০ জন পুলিশ সদস্যসহ আনুমানিক ৩০ জন আহত হয়েছেন।
নগরকান্দা বিএনপির সভাপতি লিয়াকত হোসেন অভিযোগ করেন, পুলিশ বিনা প্ররোচনায় বিএনপির শান্তিপূর্ণ পিকেটিংয়ে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফকে হত্যা করেছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম বলেন, পিকেটাররা পুলিশকে ঘিরে তাঁদের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে প্রথমে কাঁদানে গ্যাস, পরে রাবার বুলেট ও সবশেষে শটগানের ফাকা গুলি ছুড়তে বাধ্য হয়।