ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার পুলিশের ওপর হামলার ঘটনায় ২৩০ ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন আকরাম খানকে গ্রেপ্তার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।ডহর নগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক নিখিল অধিকারী গত বুধবার দিবাগত রাতে বোয়ালমারী থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেন। এই মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কদমী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামে দুই পক্ষে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক লিয়াকত আলী জানান, বুধবার ঘটনাস্থল থেকে গ্রেপ্তার চার ব্যক্তিকে গতকাল জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কদমী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে। সেখানে ২০ জন কনস্টেবল, উপপরিদর্শক, হাবিলদারসহ ৩০ জন পুলিশ কর্মরত রয়েছেন।